
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদি মৃত্যু হয়, আর এক হাজতি অসুস্থ হয়ে পড়ায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের আব্দুল সোবহানের ছেলে হাজতি আব্দুল মাবুদ (৫৮) ও নেত্রকোনার মৃত আব্দুল খালেকের ছেলে কয়েদি আব্দুল বারেক (৭০)। তবে তাঁরা কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন তা জানা যায়নি।
কারারক্ষী সাইফুল ইসলাম জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মাবুদ। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে কারারক্ষী উজ্জ্বল হোসেন জানান, কয়েদি আব্দুল বারেক গত শুক্রবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করবে।
.png)






