
ফরিদপুরে নতুন সিভিল সার্জন এস এম মঞ্জুর এলাহিকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে তাঁর যোগদান ঠেকাতে কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, ফরিদপুর সচেতন ছাত্র সমাজের ব্যানারে কিছু তরুণ ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে আসেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাঁরা বিক্ষোভ করেন।
‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের একজন খাইরুল ইসলাম রোমান বলেন, ফরিদপুরে ফ্যাসিবাদ কায়েমের জন্য মঞ্জুর এলাহিকে সিভিল সার্জন করা হয়েছে। এটা আমরা মেনে নেব না। কোনো অবস্থাতেই তাকে ফরিদপুরে আসতে দেওয়া হবে না।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নতুন সিভিল সার্জন যিনি আসবেন, তাঁকে যোগদান না করানো এবং বর্তমানে যিনি আছেন তাঁকে বহাল রাখার দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে কিছু লোক মানববন্ধন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করে।
ফরিদপুরের সদ্য বিদায়ী সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, নতুন সিভিল সার্জনের নিয়োগের প্রতিবাদে সকাল ৯টার দিকে অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
.png)






