রাজধানীর কদমতলীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর কদমতলীর ডিপটি গলির একটি আবাসিক ভবন থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ইয়ানূর আক্তার (২৫) নামের ওই নারীর স্বামী জুয়েল রানা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. খালেকুজজামান।
নিহতের ছোট ভাই ইমাম হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোয়াবাড়িয়ায়। তার বোন পাঁচ-ছয় মাস আগে জিকুরুল ইসলাম (জুয়েল) নামের এক ছেলেকে বিয়ে করেন। ওই ব্যক্তি পটুয়াখালীর একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতো।
তিনি বলেন, ‘ঘটনার আগে আমার মা আমার বোনকে ফোনকল করে সাড়া পাচ্ছিলেন না। পরে শুক্রবার সাড়ে দশটার দিকে বাসায় এসে দরজায় তালা দেওয়া দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে কক্ষের ভেতর থেকে আমার বোনের মরদেহ উদ্ধার করে।’
কদমতলী থানার পুলিশ কর্মকর্তা খালেকুজ্জামান জানান, শুক্রবার দুপুরের দিকে ডিপটি গলির ৬৭০ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে সাবলেট ওই বাসা ভাড়া নিয়েছিলেন জুয়েল নামের এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে ইয়ানূরকে গলা কেটে হত্যা করে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় সন্দেহভাজন হত্যাকারী। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
.png)






