কালকেই দেশে আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: রশিদুজ্জামান মিল্লাত
স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরতে চাওয়া প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করে বিচারের মুখোমুখি করবো।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন,‘মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলেন বিশৃঙ্খলা করার জন্য। আমরা তো বলি আপনি কালকেই আসেন। আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করবো। বাংলাদেশের মানুষের ওপর মানবতাবিরোধী যে অমানবিক আচরণ করেছেন, এর বিচার বাংলাদেশের মাটিতেই হবে। বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।’
বর্তমান সরকার নানা চ্যালেঞ্জের সম্মুখীন জানিয়ে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট- এগুলোর সমাধান করতে চাই।’
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
.png)






