বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরসহ আলোচনায় ৩
স্ট্রিম প্রতিবেদকঢাকা

গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা এবং প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। এ আসনে ইতিমধ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মির্জা ফয়সল আমিন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদ।
দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত মির্জা ফয়সল আমিনকে প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার উপস্থিত আছেন।







