দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৫
সংসদে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ভিডিও থেকে নেওয়া ছবি
সংসদে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ভিডিও থেকে নেওয়া ছবি

২০০৬ সালের পর প্রথমবারের মতো সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে সংসদে বক্তব্য শুরু করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘২০০৬ সালের পর প্রায় দুই দশক পেরিয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। আমার জন্য এটি আনন্দের ও গর্বের মুহূর্ত।’

নিজের আকস্মিক অসুস্থতার বিবরণ দিয়ে তিনি জানান, নির্বাচনের পর গত ১১ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকতে হয়েছিল।

মির্জা আব্বাস বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারিনি। চিকিৎসা শেষ হয়েছে বললে ভুল হবে, আমার চিকিৎসা এখনো শেষ হয়নি। তবে সংসদীয় অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

কঠিন সময়ে পাশে থাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অসুস্থতার সময়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

রাজনীতি ও সংসদের গুরুত্ব তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘সংসদে ফিরে আমার মনে হচ্ছে রাজনীতি শুধু মতের পার্থক্য নয়, রাজনীতি মানুষের জন্য। সংসদ শুধু বিতর্কের জায়গা নয়, এটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।’

জীবনের বাকি সময়টুকু দেশ ও নিজের নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হুইলচেয়ারে সংসদ অধিবেশনে প্রবেশ করেন মির্জা আব্বাস। স্পিকার তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘মির্জা আব্বাস দীর্ঘ ৫ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে এ সংসদে স্বাগত জানাচ্ছি।’

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। তাৎক্ষণিক তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফেরেন মির্জা আব্বাস।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত