শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, ৫ ছাত্রদল নেতা বহিষ্কার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৪
মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসপাতাল কতৃপক্ষ। ছবি: সংগৃহীত
মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসপাতাল কতৃপক্ষ। ছবি: সংগৃহীত

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে সংঘর্ষের জেরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ার পর তাঁরা এ সিদ্ধান্ত নেন।

এর আগে দুই দিন ধরে চলা কর্মবিরতিতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু থাকলেও ব্যাহত হয় অন্যান্য কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা।

বৃহস্পতিবার সকালে ইন্টার্ন চিকিৎসকেরা বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্টার চালু করলে আবার টিকিট বিক্রি শুরু হয় এবং বহির্বিভাগের কার্যক্রম স্বাভাবিক হয়।

দুপুরে হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সভা শেষে হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-ই-মোর্শেদ বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি রোগীদের দুর্ভোগ কমাতে চিকিৎসক ও জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে।’

এর আগে মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শজিমেক হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে ইন্টার্ন চিকিৎসকেরা ছয়জনকে মারধর করে আটকে রাখেন। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। তাঁদের মধ্যে পাঁচজন ছাত্রদলের নেতা-কর্মী বলে জানা গেছে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ নেতাকর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বগুড়া শহর ছাত্রদল। সংগঠনের দপ্তর সম্পাদক রাতুল আহসান রিয়াদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও প্রান্ত ইসলাম, সদস্য রাকিবুল হাসান রাকিব এবং ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এস এম শিহাবকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকার কথা বলা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত