কুমিল্লায় সড়কে ঝরল চালক-শিক্ষার্থীসহ ৫ প্রাণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লা

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (১ এপ্রিল) ভোরের দিকে ও সকালে জেলার চান্দিনা, নিমসার ও দাউদকান্দিতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন চালক ও একজন স্কুল শিক্ষার্থী বলে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় দুর্ঘটনায় নোয়াখালী জেলার জহিরুল ইসলাম ও মেহেরপুরের সোহেল রানা নিহত হন। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল মোমিন জানান, ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজার এলাকায় ঢাকামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুটি পরিবহনেরই চালক নিহত হন। এ ঘটনায় আহত হন ট্রাকচালকের সহকারী (হেলপার)। ফায়ার সার্ভিসে সহযোগিতায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে প্রায় একই সময়ে জেলার দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হন। তাঁরা হলেন উপজেলার সরকারপুর গ্রামের প্রয়াত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি চাপায় ঘটনাস্থলেই দুজন অটোরিকশা চালক নিহত হন। তাঁরা চাঁদপুর মতলবের সোলেমান ল্যাংটার মেলা থেকে ফিরছিলেন। তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো. সাগর মিয়া (৩৫)। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া জেলার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাইম (১৫) নামে ওই শিক্ষার্থী চান্দিনা বড় গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা কাঠের পোল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি লরির চাপায় সে নিহত হয় বলে নিশ্চিত করেছে চান্দিনা থানা পুলিশ।

সম্পর্কিত