জামিন পেলেন কোলের শিশুসহ স্বামী হত্যা মামলার বাদী ফাতেমা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৯
শিশুসহ কারামুক্ত ফাতেমা । স্ট্রিম গ্রাফিক
শিশুসহ কারামুক্ত ফাতেমা । স্ট্রিম গ্রাফিক

স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করা ফাতেমা বেগম প্রতিপক্ষের পাল্টা মামলায় গ্রেপ্তার হয়ে ১৫ মাস বয়সী শিশুসহ সাত দিন কারাগারে থাকার পর অবশেষে জামিন পেয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

ফাতেমার আইনজীবী মো. আনছার জানান, এক হাজার টাকার বন্ডে স্থানীয় এক গণ্যমান্য ব্যক্তির জিম্মায় তার জামিন মঞ্জুর হয়। পরে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে কক্সবাজার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ফাতেমার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ এপ্রিল মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ফিশিংবোটের শ্রমিক মুহাম্মদ কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা করেন। এতে রাসেলসহ ১০ জনকে আসামি করা হয়। এর চার মাস পর, ২০২৫ সালের ৩ আগস্ট হত্যা মামলার আসামি রাসেলের মা নুর জাহান বেগম বাদী হয়ে ফাতেমাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন। এতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়।

মহেশখালী থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. মোজাহেরুল ইসলাম মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদন দেন। তবে মামলায় যাদের সাক্ষী করা হয়েছে, তাদের কয়েকজন দাবি করেছেন তারা কোনো সাক্ষ্য দেননি এবং ওই দিন রাসেলের বাড়িতে কোনো ভাঙচুর ঘটেনি। তদন্ত কর্মকর্তা অবশ্য দাবি করেন, সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতেই সত্যতা পাওয়া গেছে।

পরোয়ানা জারির পর গত ৩১ আগস্ট রাতে ফাতেমা, তার শাশুড়ি ও বেড়াতে আসা মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শাশুড়ি ও মেয়ে জামিন পেলেও ১৫ মাসের কোলের শিশুসহ ফাতেমাকে কারাগারে পাঠানো হয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত