বিরোধী দলের আপত্তিতে সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল
বিরোধী দলকে ‘বিনা পয়সায় বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্ট্রিম ডেস্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নৈতিকতার প্রশ্নে আপত্তির পর কমিটি পুনর্গঠন করে তার নাম বাদ দেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রথমে গাজী নজরুলসহ সদস্যদের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বিরোধীদলীয় নেতা জানতে চান, গাজী নজরুলকে বিরোধী দলের কোটা থেকে কমিটিতে রাখা হয়েছে কি না। চিফ হুইপ জানান, তাকে বিরোধী দলের কোটা থেকে রাখা হয়নি; সংসদ সদস্যপদ বহাল থাকায় তাকে অন্তত একটি কমিটিতে রাখার চেষ্টা করা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু দল থেকে বহিষ্কার করলেই সংবিধান অনুযায়ী সংসদ সদস্যপদ শূন্য হয় না। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া বা ভোটদানে বিরত থাকার ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বুদ্ধিটা বিনা পয়সায় দিলাম।’
শফিকুর রহমান বলেন, নৈতিকতার কারণে জামায়াত যাকে বহিষ্কার করেছে, তাকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই ভালো। পরে গাজী নজরুলের নাম বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ।
কণ্ঠভোটে সেই প্রস্তাব পাস হলে গাজী নজরুলকে বাদ দিয়েই কমিটি পুনর্গঠিত হয়।
.png)






