লক্ষ্মীপুরে হামের টিকা দেওয়ার পর শিশুর পায়ে সংক্রমণ, তদন্তের নির্দেশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৪
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে হামের টিকা দেওয়ার পর ১১ মাস বয়সী এক শিশুর ডান পায়ে সংক্রমণ দেখা দিয়েছে। শিশুটির পায়ে ফোঁড়ার মতো ক্ষত থেকে পুঁজ ও রক্ত বের হচ্ছে। এ ঘটনায় শিশুর পরিবার বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুটির বাবার উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের রফিকুল ইসলাম। তিনি জানান, গত ২৭ জুলাই তার ছেলেকে ১০ মাস বয়সীদের জন্য নির্ধারিত টিকা দিতে গ্রামের পোদ্দার বাড়ির টিকা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ের হাঁটুর একটু নিচে টিকা দেন। এরপর টিকা দেওয়া জায়গাটিতে সংক্রমণ দেখা দেয়।

শিশুটির দাদি রেহানা আক্তারের অভিযোগ, ‘সংক্রমণের বিষয়টি টিকাদানকারী শারমিনকে জানালে তিনি গুরুত্ব দেননি। আমার নাতির পায়ে প্রচণ্ড ব্যথা, আমরা বিপদে আছি।’

এদিকে টিকা প্রদানকারী শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল-আমিন বলেন, ‘শিশুটিকে আমার কাছে এনেছিল। টিকাপ্রদানকারী ভুল জায়গায় টিকা দিয়েছেন। এতেই সংক্রমণটি হয়েছে। তবে চিকিৎসায় এটি ভালো হবে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ‘শিশুটির পরিবার একটি আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, ‘ঘটনাটি জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে জানিয়েছেন। শিশুটির পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত