পিটিয়ে হত্যা মামলায় আলেমদের জড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০: ০০
সিজানকে হত্যার মামলায় স্থানীয় মসজিদের ইমাম ও আলেমদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত
সিজানকে হত্যার মামলায় স্থানীয় মসজিদের ইমাম ও আলেমদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে খুঁটিতে বেঁধে পিটিয়ে সিজান নামের এক তরুণকে হত্যার মামলায় ইমাম ও আলেমদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি রেল কলোনি মসজিদের সামনে ‘উলামা পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার’ উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের অর্থ সম্পাদক মুফতি আব্দুল গনী, সহ-সাধারণ সম্পাদক ও মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতি কাউসার আহমদ কাসেমী এবং আল-ফালাহ সমাজকল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তাদের দাবি, মাসদাইর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে আল-ফালাহ সমাজকল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গত ৪ জুলাই সিজানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে স্থানীয় ইমাম বা আলেমদের কোনো সম্পৃক্ততা নেই। এরপরও তাদের হত্যা মামলায় জড়ানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, তদন্ত ছাড়াই নিরীহ আলেম, ইমাম ও সমাজকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে নারায়ণগঞ্জের আলেম-উলামা ও সাধারণ মানুষ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

অবিলম্বে মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানান বক্তারা। অন্যথায় সর্বস্তরের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত শনিবার (৪ জুলাই) রাতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিজান ও অনিক নামের দুই তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে সিজানকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর গত সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করা হয়। এতে স্থানীয় একটি মসজিদের ইমাম, জাতীয়তাবাদী ওলামা দল ও খেলাফত মজলিসের নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত