
চলমান জ্বালানি সংকট নিরসনে পাঁচ দফা কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) তৃতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত সদস্য সেলিনা সুলতানার প্রশ্নে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বাপেক্সকে শক্তিশালী, এলএনজি অবকাঠামো সম্প্রসারণসহ সরকারের পরিকল্পনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। ফলে দীর্ঘদিন অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে বর্তমানে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ‘দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপ খনন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ১৪০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। বর্তমানে চলমান ৭টি কূপ খনন শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’
তারেক রহমান বলেন, ‘দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে ৪৫০০ লাইন কিলোমিটার টুডি সিসমিক সার্ভে এবং ৪২০০ বর্গ কিলোমিটার থ্রিডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
পিএসসি ও বিডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। অনশোর মডেল পিএসসি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। অফশোর এবং অনশোর গ্যাস অনুসন্ধানের মাধ্যমে গ্যাস পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
এলএনজি অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজার জেলার মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ডিসেম্বর ২০২৮ সালে এই টার্মিনাল হতে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ করা সম্ভব হবে আশা করছি।’
তিনি বলেন, ‘ফলে আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি আরও ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি পাবে। পায়রা বা মোংলা বন্দর এলাকা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে জরুরি ভিত্তিতে নতুন ২/১টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন হলে সামগ্রিকভাবে দেশে জ্বালানি সমস্যার সমাধান ও জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে।’
সংরক্ষিত নারী আসনের আরেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ৬ জুন সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্য যেমন- সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর আরোপ করা কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর হতে শর্তসাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
আগামী ছয় মাসের মধ্যে ছাদে সৌর প্যানেল স্থাপনকারীদের অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বাল্ক রেটের অতিরিক্ত টাকা সরকার প্রণোদনা হিসেবে দেবে। ফলে গড়ে উৎপাদন মূল্য ৬-৭ টাকা প্রতি ইউনিট হিসেবে ৪৫ শতাংশ— ৪০ শতাংশ মুনাফা ও ৫ শতাংশ প্রিমিয়াম— পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। এই সুবিধা পরবর্তী তিন বছরের জন্য প্রযোজ্য হবে।’
সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রুফটপ সোলার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সোলার ছাড়াও পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আশা করছি উক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।’
এ সময় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাত ও বিদ্যুৎ খাতের জন্য সরকার আগামী দশ বছর কি কি করবে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।’
তিনি বলেন, ‘যতটুকু আমার ধারণা আছে, দ্রুতই সংসদের সামনে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী উপস্থাপন করবেন দেশের সামনে, আগামী দশ বছর কীভাবে আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সাজানোর চেষ্টা করছি। যাতে করে আমরা ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে টার্গেট করেছি, সেটা অর্জন করতে সক্ষম হই।’
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে সংরক্ষিত আসনে জামায়াতের সংসদ সদস্য সাবিকুন্নাহার মুন্নীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ফুলবাড়ীতে যে কয়লার কথা উনি বলেছেন, সেই কয়লা পৃথিবীর সবচেয়ে ভালো কয়লার মধ্যে একটি। কাজেই আমরা এই কয়লাটিকে উত্তোলন করে যদি আমাদের জ্বালানি সংকট মেটাতে পারি, অবশ্যই সেটা দেশের বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় করবে, একইভাবে দেশের জন্য সেটি ভালো হবে।’
তবে কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি আছে। সেখানে কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য; অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যাতে আয় রোজগার বন্ধ না হয় বরং সেই প্রকল্প গ্রহণ করলে যাতে তারা কোন না কোনোভাবে লাভবান হতে পারে, সে সব ব্যবস্থা পর্যালোচনা করেই এবং অবশ্যই পরিবেশের যে বিষয়টি আছে সেটিকে গুরুত্ব দিয়েই আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব।’
.png)

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলের কোনো প্রশ্ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৮ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মোরেলগঞ্জে মারা যাওয়া দুজন সহোদর। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কৃষিকাজের সময় বজ্রপাতে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে, খোলা সয়াবিন তেল ও পাম তেলের বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে (২২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি।
১ ঘণ্টা আগে