খবর প্রকাশের জেরে ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, জিডি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই বিক্রির খবর প্রকাশের জেরে ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি দিয়েছেন ‘উগ্রবাদীরা’। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্ট্রিমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. প্রেম হোসেনের জিডিতে উল্লেখ করা হয়েছে, হুমকিদাতার পাঠানো ই-মেইলের স্ক্রিনশট, ডিজিটাল প্রমাণ ও অন্যান্য তথ্য সংরক্ষণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের কর্মী, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমের পেজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিদাতার পরিচয় শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে জিডিতে আবেদন জানিয়েছেন প্রেম হোসেন।
কলাবাগান থানার ডিউটি অফিসার মনোজ কান্তি কুরী জানান, ঢাকা স্ট্রিমের অভিযোগ সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হুমকিদাতার পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ঢাকা স্ট্রিম। ইংরেজি ও বাংলায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বইমেলায় প্রয়াত ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির মতো বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত আল-কায়েদা নেতাদের অনূদিত বই অবাধে বিক্রি হচ্ছে। প্রতিবেদনে এমন কয়েকটি প্রকাশনীর নাম তুলে ধরা হয়, যাদের মালিকদের বিরুদ্ধে অতীতেও ‘উগ্রপন্থী’ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পরদিন ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে পোর্টালটির দাপ্তরিক ই-মেইলে একটি হুমকিমূলক বার্তা আসে। ‘[email protected]’ নামের একটি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো বার্তায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি ফেসবুক পোস্টের মন্তব্যে হুমকি দিয়ে বলা হয়, আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘মিথ্যা ও বানোয়াট’ সংবাদটি মুছে ফেলে ক্ষমা না চাইলে পোর্টালটিতে সাইবার হামলা চালানো হবে।
.png)




-f1e129-256x144.webp)


