অতিথিদের জন্য রান্নার সময় পাহাড়ধস, প্রাণ গেল গৃহবধূর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১: ৩৫
ঊদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ছবি : সংগৃহীত

কক্সবাজার সদরের কলাতলী ঝিরঝিরি পাড়ার মুজিবুর রহমানের বাসায় এসেছিল অতিথি। তাঁদের জন্য রান্না করছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। এ সময় পাহাড় ধসে রান্নাঘরটি মাটিচাপা পড়ে। এতে প্রাণ হারান রোজিনা।

পরিবারের সদস্যরা জানান, পাহাড় ধসের পরপরই রোজিনাকে উদ্ধারে চেষ্টা চালান তারা ও স্থানীয়রা। কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে যায়। তবে রোজিনার খোঁজ মেলে প্রায় ২ ঘণ্টা পর।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, মাটির নিচে চাপা পড়ায় শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়।

প্রায় এক সপ্তাহ ধরে ভারী বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়েছে। এতে আশ্রয়শিবিরের ১৫ জনসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত