আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

নাসিমুল গনি

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী নাসিমুল গনিকে আরও এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়।

নিয়োগের অন্যান্য শর্ত আগের চুক্তির মতোই বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব নেন।

এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয় বিভাগের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এদিকে সোমবার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। ২০২৫ সালের ১২ অক্টোবর তিনি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ পান।

নাসিমুল গনি ও মো. এহছানুল হক দুজনেই বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি