দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্সের ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশা করব বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। গণতন্ত্র আজ সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। এ সংকট মোকাবিলা করতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলে। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকা পালন করলেই হয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলেই যথেষ্ট।’

এনসিপির আহ্বায়ক জানান, আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছি। যখন গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিতের দাবি করেছি তখন সরকার এটিকে হঠকারিতা বলেছে। সরকারের সর্বোচ্চ জায়গা থেকেই এটা বলা হয়েছে। এসময় তিনি গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশার কথা জানান।

আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান।

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন।

সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম