র‍্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। সংগৃহীত ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

খসড়ায় র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। নতুন ইউনিটে র‍্যাবের বিদ্যমান কর্মকর্তা ও সশস্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাঁদের চাকরির শর্ত বহাল রাখার বিধানও রয়েছে।

আইন অনুযায়ী র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তর করা হবে। র‍্যাবের বিদ্যমান মামলা, আইনি প্রক্রিয়া, বিভাগীয় কার্যক্রম ও শৃঙ্খলামূলক ব্যবস্থাও নতুন কাঠামোর আওতায় অব্যাহত থাকবে।

নতুন বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনের এটি অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন।

নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে। একইভাবে আইনটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা সরকারের হাতে থাকবে।

এর আগে গত ৪ আগস্ট প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়ায় র‍্যাবের পরিবর্তে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত আইন প্রয়োগকারী ইউনিট গঠনের প্রস্তাব করা হয়।

মন্ত্রিসভায় অনুমোদনের পর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

র‍্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন