জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ভোট গণনার আগেই রেজাল্ট শিটে সই, নওগাঁয় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নওগাঁ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৫৬
ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। স্ট্রিম কোলাজ

নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত ফলাফল শিটে (রেজাল্ট শিট) স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মকর্তার নাম নাজিম উদ্দীন। তিনি নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর দুপুর দেড়টার দিকে তাঁকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন নির্ধারিত ফলাফল শিটে নিজের স্বাক্ষর এবং পদবি সম্বলিত সিল মেরে রাখেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সব প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা। কিন্তু নিয়ম লঙ্ঘন করে আগেই সই করে রাখায় কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। মাঝেমধ্যে সময় সংকটও দেখা দেয়। তাই কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকেই আমি আগে স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে আমার সঠিক ধারণা ছিল না।’

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, ‘ভোট গণনার আগে ফলাফল শিটে কোনোভাবেই স্বাক্ষর করার বিধান নেই। এটি স্পষ্টত নির্বাচনী বিধির লঙ্ঘন। অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্ত করি এবং সত্যতা পাওয়ায় নাজিম উদ্দীনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচনী কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত