৩৫ বছর পর উদ্ধার হলো পুঠিয়া রাজবাড়ির পালঙ্ক ও ঝাড়বাতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২: ৪৪
পুঠিয়ার রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার। ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ার চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের দ্বিতীয় স্ত্রী কমর বেগমের কাঠের পালঙ্ক উদ্ধার করেছে প্রশাসন। স্থানীয় এক মাছচাষির বাড়ি থেকে ৩৫ বছর পর রোববার (১৬ আগস্ট) দুপুরে পালঙ্কটি উদ্ধার করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, মাছচাষির বাড়িতে রাজবাড়ির পালঙ্ক থাকার বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি উদ্ধারের নির্দেশ দেন। পরবর্তীতে অভিযান চালিয়ে ইকবালুর বাসারের বাসা থেকে ঐতিহাসিক পালঙ্কটি উদ্ধার করা হয়।

একই অভিযানে পার্শ্ববর্তী ইয়াকুব স্বর্ণকারের বাড়ি থেকে রাজবাড়ির একটি পুরোনো খাট ও ড্রেসিং টেবিলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ভোলানাথ দত্তের বাড়ি থেকে উদ্ধার করা হয় তিনটি ঝাড়বাতি। এসব ঐতিহাসিক স্মারক দর্শনার্থীদের দেখার জন্য পুঠিয়া রাজবাড়ির জাদুঘরে সংরক্ষণ করা হবে।

ইতিহাস থেকে জানা যায়, রাজা নরেশ নারায়ণ নাটোরের রাজা জিতেন্দ্র নাথের মেয়ে সুরেশ্বরীকে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী সুরেশ্বরী দেবীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে কলকাতায় গিয়ে কমর বেগমকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে ১৯৮৭ সালে কমর বেগম মারা যাওয়ার পর রাজবাড়ির আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

মাছচাষি ইলু দাবি করেন, কমর বেগমের মেয়ে রেজিনা জামাল মামলায় জড়িয়ে দৈন্যদশায় পড়েন। ১৯৯১ সালের দিকে তার স্কুলশিক্ষক বাবা ১০ হাজার টাকায় এ পালঙ্কটি কিনেছিলেন। উদ্ধার অভিযানে পুঠিয়া রাজবাড়ির কাস্টোডিয়ান হাফিজ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

৩৫ বছর পর উদ্ধার হলো পুঠিয়া রাজবাড়ির পালঙ্ক ও ঝাড়বাতি