আগামী বছরেই চালু স্কুল ফিডিং: ববি হাজ্জাজ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংগৃহীত ছবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংগৃহীত ছবি

২০২৭ শিক্ষাবর্ষেই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (৩০ আগস্ট) সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

পরে সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের শিক্ষাবর্ষের শুরু থেকেই দেশব্যাপী সব স্কুলে স্কুল ফিডিং কর্মসূচি চালুর ব্যাপারে আশাবাদী। তবে চলমান পাইলটিং কর্মসূচির পর্যালোচনায় ত্রুটি ধরা পড়লে শুরুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বছরের শুরুতে না হলেও ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই এই কর্মসূচি নিশ্চিত চালু হবে।

ববি হাজ্জাজ জানান, পাইলটিংয়ের ফলাফল ইতিবাচক এবং সোমবার দিনাজপুর জেলায় এ সংক্রান্ত কর্মশালায় বিস্তারিত জানা যাবে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থী বাড়া-কমা বড় বিষয় না। সরকারের লক্ষ্য হলো প্রতিটি শিশু যেন স্কুলে যায় এবং সঠিকভাবে শিক্ষা পায়। কে, কোথায় শিক্ষা পাচ্ছে সেটা বড় বিষয় না।’

প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন সঠিক শিক্ষা প্রদানে সক্ষম হয় এবং সেই মান বজায় থাকে, তা নজরদারি করাই সরকারের মূল দায়িত্ব।

সরকারের প্রশাসনিক ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার কেবল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়; সরকারের কাজ হলো প্রতিটি নাগরিক সেবা পাচ্ছে কি না তা নিশ্চিত করা। যেখানে অন্য উপায়ে নাগরিকরা সেবা পাচ্ছে না, সেখানে সরকার নিজে সরাসরি সেবা প্রদান শুরু করবে।’ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও একই নীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, দুটি বিষয়ে সরকার আপস করবে না—প্রথমত, প্রতিটি শিশুকে বাধ্যতামূলক বিদ্যালয়ে যেতে হবে এবং দ্বিতীয়ত, বিদ্যালয়ে সঠিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পিটিআই প্রশিক্ষণার্থীদের কর্মশালায় অংশ নেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত