সংস্কার, গণহত্যার বিচার, মানবাধিকারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২০: ৩৫
সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরেন মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরেন মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সার্বভৌমত্ব, শ্রম ও শিক্ষা খাতের সংস্কারসহ ৯ দফা দাবি জানিয়েছে নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীতে ‘দেশের অবস্থা’ শিরোনামের একসংবাদ সম্মেলনে সংগঠনটির জাতীয় সাংগঠনিক কমিটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম দাবিগুলো তুলে ধরেন।

সরকারকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে বলেছে অল্টারনেটিভস। একই সঙ্গে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক পুনর্গঠনের দাবি জানিয়েছে তারা।

গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের বিষয় তুলে ধরে প্ল্যাটফর্মটি দাবি করেছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এর শিকার হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিতের ব্যবস্থা নিতে হবে।

জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে অল্টারনেটিভস বলেছে, গণঅভ্যুত্থানে গ্রেপ্তার ব্যক্তিসহ আন্দোলনে অংশ নেওয়া সব শ্রেণি-পেশার মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

এছাড়া মানবাধিকার কমিশন, গুম কমিশন ও এসআরবি আইন কার্যকরের ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা, নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি, ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ এবং আইনের শাসন নিশ্চিত করার কথা বলেছে অল্টারনেটিভস।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান, কুইক রেন্টাল এবং অসম বিদ্যুৎ ও জ্বালানি চুক্তির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা, আমদানি ও বিদেশি কোম্পানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এবং ‘রোগী সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫’ আইনে রূপান্তর, অত্যাবশ্যকীয় ওষুধের দাম সুলভ রাখা, মানসম্মত উৎপাদন নিশ্চিত করা ও ভারসাম্যপূর্ণ ওষুধ নীতি প্রণয়ন, নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং যৌন নিপীড়ন ও শিশু নিপীড়ন প্রতিরোধ, ভিন্ন চিন্তা ও বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা এবং ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ মোকাবিলায় উদ্যোগ গ্রহণ।

মাহফুজ আলম বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী-ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অল্টারনেটিভসের অন্য সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত