জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি প্রতিমন্ত্রী নুরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২১: ৪৪
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একাত্তরে গণহত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগ ও সাম্প্রতিক কর্মকাণ্ড বিবেচনায় তাদের নিষিদ্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জামায়াত-শিবির একটি জালেম সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। জামায়াত-শিবিরও নিষিদ্ধ হওয়া দরকার। উগ্রবাদী ও ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টিকারী জামায়াত-শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। জামায়াত-শিবির যত ছড়িয়ে পড়বে, সমাজ ও দেশের জন্য তত বেশি ক্ষতি বয়ে আনবে।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের গণহত্যার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। '৭১-এ এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও গণধর্ষণ হয়েছে। সেজন্য জামায়াত-শিবিরও নিষিদ্ধ হওয়া দরকার।’

অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াত-শিবিরের বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগও করেন তিনি। পাশাপাশি বিভিন্ন আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন গণঅধিকার পরিষদের এই নেতা।

জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে তারা আলোচনা করবেন। প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের মতো ‘উগ্রবাদী’ সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে উগ্রবাদের বিস্তার ঘটলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, এমন রাজনৈতিক দলকে রাজনীতিতে কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত নয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি প্রতিমন্ত্রী নুরের