খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি, অনেকে ফিরছেন ঘরে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২০: ১৪
খাগড়াছড়ি নিম্নাঞ্চলে পানিবন্দি হাজারো মানুষ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার দীঘিনালায় পানি কমতে শুরু করেছে। তবে এ উপজেলার নিম্নাঞ্চল থেকে বন্যার পানি এখনো নামেনি। হাজারো মানুষ টানা পাঁচ দিন পানিবন্দি।

দীঘিনালার মেরুং বাজারে ব্যবসায়ীরা দোকানপাট থেকে কাদামাটি সরিয়ে কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে মেরুং সেতুর ওপর থেকে পানি সরে যাওয়ায় পাঁচ দিন পর খাগড়াছড়ি-দীঘিনালা-রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে।

তবে পানি নামার সঙ্গে সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতির চিত্রও স্পষ্ট হয়ে উঠছে। প্রাথমিকভাবে জেলার বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, অন্তত এক হাজার হেক্টর জমির আমনের বীজতলা, আউশ ধানের চারা, বিভিন্ন ধরনের সবজি এবং ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকশ পুকুরের মাছ ভেসে গেছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বসতবাড়ি।

আশ্রয়কেন্দ্রে অবস্থান করা কয়েকজন বাসিন্দারা জানান, অনেক বাড়িঘরে এখনও পানি জমে রয়েছে। কোথাও কোথাও ঘরের ভেতর কাদা জমে থাকায় তা পরিষ্কার করে বসবাসের উপযোগী করতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে।

জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, বন্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছে।

Ad 300x250

সম্পর্কিত