শুধু ওষুধে নয়, রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭: ২৬
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে। ছবি: সংগৃহীত

শুধু ওষুধে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগ নিরাময়ের পাশাপাশি এখন রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য জন্মের পর থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের হাসিমুখ ও সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসা শুধু ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; সঠিক পরামর্শ ও মানবিক আচরণও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।

এসময় তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান জানান।

দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্তদের অসহনীয় কষ্ট সহ্য করতে হয়। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা, গবেষণা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যায় না। গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং কাউকে স্বাস্থ্যসেবার বাইরে না রাখা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এম এম জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য গবেষণায় বাংলাদেশের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ডায়রিয়া ও কলেরা নিয়ে দেশের গবেষণা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। গবেষকদের মাঠপর্যায়ে গিয়ে উপজেলা হাসপাতালের বাস্তব অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে হবে। তাহলে বাস্তবভিত্তিক গবেষণা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত