আ.লীগের আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে: আইনমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

 বাগেরহাটে মতবিনিময় সভায় কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
বাগেরহাটে মতবিনিময় সভায় কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিনা বিচারে ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। সাড়ে চার হাজারের বেশি বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং সাতশর বেশি গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা হয়েছে। এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিল পুলিশ। বর্তমানে মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হয়েছে।’

মাদক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, শুধু রাষ্ট্রীয় উদ্যোগে মাদক নির্মূল করা সম্ভব নয়, সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত