এএফপিকে ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের জার্সিতে সাকিবের আর ফেরার সম্ভাবনা নেই

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। বার্তা সংস্থা এএফপিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ‘স্বৈরাচারের সঙ্গে মঞ্চে উঠেছেন’ এমন কারও জাতীয় দলে ফেরার সুযোগ নেই।

বুধবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সাকিব। এরপর এই অলরাউন্ডারকে নিয়ে সরকারের আগের অবস্থান বদলে যায়। আমিনুল হক বলেন, ‘আমরা বিষয়টি যথেষ্ট নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে দেখছিলাম। এর পর আমার মনে হয়, আর সেভাবে ভাবার কোনো সুযোগ নেই। স্বৈরাচারের সঙ্গে মঞ্চে উঠেছেন এমন কারও আর ফেরার সুযোগ নেই।’

কয়েক মাস আগেও অবশ্য সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে সরকারের অবস্থান ছিল নমনীয়। সাকিবের বিরুদ্ধে মামলাগুলোর আইনি সমাধান হলে তাঁকে ক্রিকেটে ফেরানোর বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন আমিনুল হক। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাকিবকে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল।

২০২৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় সাকিবসহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এসব আইনি জটিলতার কারণে দেশে ফিরতে পারছেন না তিনি।

তবে বৃহস্পতিবার সাকিব জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে বাংলাদেশে ফিরে মামলা মোকাবিলা করতে প্রস্তুত তিনি। একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার আশাও প্রকাশ করেছিলেন সাকিব।

৩৯ বছর বয়সী সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন। দেশের হয়ে ৪০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। পাঁচটি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই অলরাউন্ডার।

২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব। পরে অবশ্য একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত