সিন্ডিকেট-মজুতদারি ঠেকাতে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে: আইনমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

বাজার সিন্ডিকেট ও মজুতদারি ঠেকাতে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা করবেন, ভেবেচিন্তে করবেন।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। বাজারের পরিচ্ছন্নতাকর্মীসহ অনেককেই তোলা দিতে হয় তাদের।

মন্ত্রী বলেন, বাজারের এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এর মধ্যে সব হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, অনেক ব্যবসায়ী নির্ধারিত পরিমাণের বেশি পণ্য না দিলে তা কিনবেন না বলে সিন্ডিকেট করেছেন। তাদের এক থেকে দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এরপরও তারা পণ্য না নিলে বিকল্প ব্যবসায়ী তৈরি করা হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত