ফুলহ্যামের বাংলাদেশি ফরোয়ার্ড ফারহানের নতুন ঠিকানা বোরহ্যাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রাক-মৌসুমে প্রস্তুতি ম্যাচে ফুলহ্যামের হয়ে প্রথম মাঠে নামেন ফারহান। এক্স থেকে নেওয়া ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) ফুলহ্যাম ও বোরহ্যামের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

শনিবার ট্যামওয়ার্থের বিরুদ্ধে এন্টারপ্রাইজ ন্যাশনাল লিগের উদ্বোধনী ম্যাচের আগেই বোরহ্যামের হোমগ্রাউন্ড মেডো পার্কে পৌঁছান ফারহান। কোচ লুক গ্যারার্ডের স্কোয়াডে আক্রমণের গতি ও ধার বাড়াতে এই তরুণকে দলে এনেছে তারা। নতুন ক্লাবে ফারহান ২০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।

ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফারহান প্রথম সিনিয়র ফুটবলে খেলার সুযোগ পাচ্ছেন। অনূর্ধ্ব-১২ পর্যায়ে চেলসি থেকে ফুলহ্যামে যোগ দেওয়া ফারহান গত বছর ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রিমিয়ার লিগ ২-এ দুই মৌসুমে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট করার পর অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পান তিনি।

গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ ২-এ ২১ ম্যাচে ১৭ গোলের অবদানে ‘প্লেয়ার অব দ্য সিজন’ হন ফারহান।

ফুলহ্যামের অ্যাকাডেমি দলে ফারহানের পারফরম্যান্স নজর কাড়ে ক্লাবের নতুন ম্যানেজার আলভারো আরবেলোয়ার। চলতি গ্রীষ্মে পর্তুগালে ফুলহ্যামের প্রাক-মৌসুম ক্যাম্পের স্কোয়াডে ডাক পান ফারহান।

গত মৌসুমে বোরহ্যাম উড ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে, ক্লাবের ফরোয়ার্ড আব্দুল আব্দুলমালিককে ৩ মিলিয়ন পাউন্ডে কিনতে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি প্রস্তাব দিয়েছে বলে গুঞ্জন চলছে। এমন আলোচনার মাঝেই ফারহানকে পুরো মৌসুমের জন্য ধারে দলে ভিড়িয়েছে বোরহ্যাম উড এফসি। ফুলহ্যাম এবং বোরহ্যাম উড উভয় ক্লাবই ফারহানের এই নতুন সফর ও সিনিয়র ফুটবলে পদার্পণে শুভকামনা জানিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত