চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতায় বস্ত্র-পাট খাত আধুনিক করার উদ্যোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৩: ৫১
‘পোশাক, সংস্কৃতি ও সংযোগ: ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দ্বিপাক্ষিক সিম্পোজিয়াম’-এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি

চীনের প্রযুক্তি, গবেষণা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করার উদ্যোগ নেবে সরকার। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটি আয়োজিত সিম্পোজিয়ামে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে চীনের প্রযুক্তি, গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।

মন্ত্রী আরও বলেন, এই খাতের টেকসই উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দেশের টেক্সটাইল শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চীনের শিক্ষাব্যবস্থার সঙ্গে কারিকুলাম সমন্বয়ের পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, টেক্সটাইল ইনস্টিটিউট ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থাকে শিল্পের চাহিদানুযায়ী গড়ে তুলতে চীনের টেক্সটাইল শিক্ষাব্যবস্থার সঙ্গে কারিকুলামের সমন্বয় করা হবে। একই সঙ্গে চীনের অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ এবং বাংলাদেশি শিক্ষকদের চীনে পাঠিয়ে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

তৈরি পোশাক ও পাট খাতের সম্ভাবনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে তৈরি পোশাক খাত থেকে প্রায় ৩৮ থেকে ৩৯ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি হচ্ছে। তবে ম্যান-মেড ফাইবার (এমএমএফ) ও ভ্যালু-অ্যাডেড টেক্সটাইল উৎপাদন বাড়ালে একই পরিমাণ পণ্য থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

পাটকে ঐতিহ্য ও আবেগের পণ্য হিসেবে বর্ণনা করে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির পরিবর্তে পাটকে ব্লেন্ডেড ফাইবার ও ফেব্রিকসহ বিভিন্ন উচ্চমূল্যের পণ্যে রূপান্তর করা গেলে এ খাতের সম্ভাবনা বহুগুণ বাড়বে। কৃষকরাও লাভবান হবেন।

সিম্পোজিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটি ও চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের প্রতিনিধিরা, শিক্ষাবিদ, গবেষক এবং পোশাকশিল্পের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতায় বস্ত্র-পাট খাত আধুনিক করার উদ্যোগ