পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৪: ৩১
পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাতে চট্টগ্রামের বাঁশখালী ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আশরাফ আলী খান (৩৬), নিশান (৩৬), আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও আব্দুর রহমান (৪৬)।

পুলিশ জানায়, দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে বিদেশগামী এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে একটি সনদ তৈরি করে। সনদটি বিশ্বাসযোগ্য করতে নকল কিউআর কোড এবং একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়। কোডটি স্ক্যান করলে ওই ওয়েবসাইটে প্রবেশ করা যেত। ফলে প্রাথমিকভাবে সনদটি আসল বলে মনে হয়।

ভুক্তভোগী সনদটি একটি ট্রাভেল এজেন্সিতে জমা দেন। এজেন্সির নিজস্ব যাচাইয়ে সেটি জাল হিসেবে ধরা পড়ে। এরপর চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে এই ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪