জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

তৃণমূলে সেবা পৌঁছাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিরাজগঞ্জ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৩৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। স্ট্রিম ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুততম সময়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে তাঁদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

হাসপাতালের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ত্রুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. এম এ মুহিত বলেন, ‘হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য একটি বড় সমস্যা। এটি শুধুমাত্র ঢাকা থেকে নির্দেশ দিয়ে বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় পর্যায়েও শক্ত পদক্ষেপ নিতে হবে। আজ আমি হাসপাতালে ভুল ধরতে আসিনি, পরিস্থিতি দেখতে এসেছি। আমি ভিজিট করছি জেনে কর্তৃপক্ষ কতটুকু প্রস্তুতি নিয়েছে বা পরিচ্ছন্নতা বজায় রেখেছে, সেটিও দেখার বিষয়। তবে এই সেবার মান এবং পরিচ্ছন্নতা নিয়মিত ধরে রাখতে হবে।’

জনবল সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে লোকবলের অভাব রয়েছে। তবে বর্তমানে যে জনবল আছে, তাদের শতভাগ ব্যবহার নিশ্চিত করা যায়নি। অনেকে নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন না বলে রোগীদের অভিযোগ রয়েছে। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে প্রতিটি কর্মচারী তাঁদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিত থাকেন।

দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা জাতি হিসেবে গত ১৭ বছরে দুর্নীতির গভীরে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের একটি সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে সরকার ও রাজনৈতিক দল একযোগে কাজ করে যাচ্ছে।’

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। তিনি হাসপাতালের শৌচাগারসহ বিভিন্ন ওয়ার্ডের পরিবেশ ঘুরে দেখেন এবং সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের প্রতি কড়া নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার প্রমুখ।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত