সাংবাদিকদের ওপর গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২০: ১২
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্ট্রিম গ্রাফিক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্ট্রিম গ্রাফিক

খুলনায় কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এই হামলা নির্দিষ্ট কোনো সাংবাদিককে লক্ষ্য করে বা কোনো বিশেষ প্রতিবেদন প্রকাশের কারণে হয়েছে কিনা—তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের ওপর এই হামলা সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে আঘাত।’

তিনি আরও বলেন, কোনো বিলম্ব ছাড়াই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে। কেবল মামলা দায়েরের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই হামলার প্রকৃত উদ্দেশ্য এবং ভুক্তভোগীদের পেশাগত কাজের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা বের করতে হবে। অন্যথায়, অতীতে ঘটা অপরাধগুলোর মতো এটিও বিচারহীনতার সংস্কৃতির তালিকায় যুক্ত হবে।

গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে টিআইবি জানায়, আক্রান্ত সাংবাদিকেরা শুরুতে আইনি পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করেছিলেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীদের মামলা করতে এই দ্বিধা মূলত প্রতিশোধমূলক হামলার আশঙ্কা, চরম নিরাপত্তাহীনতা এবং সমাজে বিরাজমান ভীতির ইঙ্গিত দেয়। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার ওপর সাংবাদিকদের গভীর আস্থার সংকট প্রকাশ পায়।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও গোয়েন্দা সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের যে সক্ষমতা রয়েছে, তাতে এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা অসম্ভব কিছু নয়। যে সমাজে ভুক্তভোগীরাই বিচার চাইতে ভয় পান, সেখানে স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদন করার সুযোগ থাকে না। এর ফলে প্রভাবশালী গোষ্ঠী আরও বেপরোয়া হয়ে ওঠে।

টিআইবি অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রতিটি হামলার বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত