বরিশালে ওষুধ কারখানা বন্ধ, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
স্ট্রিম সংবাদদাতাবরিশাল
-f8f2ae-480x270.webp)
বরিশালে শ্রমিক ছাঁটাই ও বেতন বকেয়া রেখে ওষুধ কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি কারখানার কর্মকর্তা মো. মজনুর সঙ্গে পলাশ নামের এক শ্রমিকের বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পলাশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি জবাব দেন। এরপর কর্মকর্তারা কর্মবিরতিতে যান। রোববার দুপুরে শ্রমিকদের ওপর দায় চাপিয়ে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।
শ্রমিকদের দাবি, নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার দাবিতে আন্দোলন করায় তাঁদের ছাঁটাইয়ের উদ্দেশ্যে কারখানা বন্ধ করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর নথুল্লাবাদসংলগ্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এরপর থেকে কারখানা খুলে দিয়ে কাজে যোগদানের দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।
বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘কর্মকর্তাদের সঙ্গে বিরোধের ঘটনায় কারখানা বন্ধ করা হয়েছে বলে দাবি করা হলেও শতাধিক শ্রমিক তাঁদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার কথা ছিল চলতি মাসে। সেই প্রক্রিয়া এড়াতেই কারখানা বন্ধ করা হয়েছে বলে আমরা মনে করি।’
তিনি বলেন, অধিকার আদায়ের আন্দোলনে থাকা শ্রমিকদের ছাঁটাই করতেও কারখানা বন্ধের সিদ্ধান্ত ব্যবহার করা হতে পারে। দ্রুত কারখানা খুলে দিয়ে বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
.png)
-40e58c.jpeg)


-fd63da-256x144.webp)


-3d03f2-256x144.webp)