চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগ /একই পরিবারের একাধিক লাইসেন্সের আবেদন, ঠিকানা নিয়ে প্রশ্ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২১
 চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদ । ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদ । ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ৪৫ জন সার ডিলার নিয়োগের প্রক্রিয়ায় ৬৪৩ আবেদনকারীকে যাচাই-বাছাই চলছে। তবে আবেদনের পরই ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে।

এরমধ্যে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে আবেদন করা শামসুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগও দায়ের করেছেন তাঁরা।

অভিযোগকারীদের একজন মোহাম্মদ মিঠু বলেন, শামসুর রশিদ আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে আবেদন করেছেন। তবে তিনি ওই ইউনিয়নের প্রকৃত বাসিন্দা নন বলে তাঁদের দাবি। সার ডিলার হওয়ার জন্য আবেদনের আগে মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনি জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, শামসুর রশিদের পরিবারের একাধিক সদস্য সার ডিলার হিসেবে নিয়োজিত রয়েছেন। এরপরও তিনি কীভাবে নতুন করে সার ডিলার পদে আবেদন করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শামসুর রশিদ বলেন, ‘সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী নিয়ম মেনেই আবেদন করেছি। ওই এলাকায় আমার বাড়ি ও ব্যাবসাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই।’

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, ‘ডিলার নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপে যাচাই-বাছাই করা হয় আবেদনকারীদের, যেকেউ অযোগ্য বিবেচিত হলে তাঁর আবেদন বাতিল হবে।’

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ার যাচাই-বাছাই শেষ পর্যায়ে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হচ্ছে। নিয়মের বাইরে কিছু হবে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত