দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খুলতে নীতিমালা করছে ইউজিসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৬
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল। সংগৃহীত ছবি
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল। সংগৃহীত ছবি

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার স্থাপনের সুযোগ দিতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ উদ্যোগের কথা জানান। এ নীতিমালার আওতায় মানসম্পন্ন বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ও বিদেশে শাখা ক্যাম্পাস খোলার সুযোগ পাবে।

সাক্ষাৎকালে অধ্যাপক মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্মত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়া হবে। তবে শিক্ষার গুণগত মান, একাডেমিক পরিবেশ, সুশাসন ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের মূল ক্যাম্পাসের মতোই শিক্ষার মান বজায় রাখতে হবে।

তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স ও নবায়নযোগ্য জ্বালানির মতো আধুনিক বিষয়ে পাঠদানে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। এছাড়া দেশের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিগগিরই পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি দেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়ায় ক্যাম্পাস খোলার ক্ষেত্রে সহযোগিতা চেয়ে বলেন, বিশ্বের মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৃত্তি, যৌথ গবেষণা ও যৌথ ডিগ্রির সুযোগ বাড়ানোর কাজ চলছে।

সাক্ষাতে ইউসিএসআই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস দাতুক ড. সিতি হামিসা বিনতে তাপসিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ, নতুন কোর্স চালুর অনুমোদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি ও পিএইচডি দেওয়ার অনুমতি প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা যৌক্তিক টিউশন ফি ও ফি ওয়েভারের প্রস্তাব দেন এবং আগামী ডিসেম্বরে মালয়েশিয়ায় তাদের সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।

এ সময় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত