
দীর্ঘদিন চিকিৎসক-সংকটে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। পর্যাপ্ত জনবল না থাকায় আটতলার বিশাল এ হাসপাতালে রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা।
২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ১২০০ রোগী চিকিৎসা নেন। বর্তমানে ৭৬টি চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু সেখানে কর্মরত রয়েছে মাত্র ২০ জন। ৫৬টি পদই শূন্য। ফলে কোনো রকমে চলছে এর চিকিৎসা কার্যক্রম।
এ ছাড়াও হাসপাতালে ১৭৭ জন নার্স থাকার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্ত পালন করছেন মাত্র ১৪২ জন। নার্সের ৩৫টি পদ শূন্য। টেকনেশিয়ান ৩৯টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন। ওয়ার্ডবয়, গার্ড, ক্লিনারসহ ৬২টি পদের জায়গায় কর্মরত রয়েছেন মাত্র ৩৫ জন।
রোববার হাসপাতালে চিকিৎসা নিতে আসা আছিয়া বেগম বলেন, এত বড় হাসপাতালে ঠিকমতো চিকিৎসক পাওয়া যায় না। দিনে একবার একজন ডাক্তারকে পাওয়া গেলে সারা দিনে আর খোঁজ মেলে না।
আবদুস শহীদ নামে এক রোগি বলেন, ‘দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছি। দুই দিন হল হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু চিকিৎসা পাচ্ছি না। প্রয়োজন হলে ডাক্তার পাওয়া যায় না। নার্সদের ডাকলে তারাও গড়িমসি করে।’
২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোছা. পারভীন খানম জানান, হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি নার্সের অনেক পদ শূন্য রয়েছে। ফলে হাসপাতালে নার্সিং সেবা দিতে পারছেন না। প্রায়ই রোগীদের রোষানলে পড়তে হচ্ছে।
২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, চিকিৎসক ও জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও আমরা পর্যাপ্ত চিকিৎসা দেয়ার চেষ্টা করে থাকি। আশা করছি কয়েকটি পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। শূন্য পদে নিয়োগ দেওয়া হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।
.png)






