ইমরান দৌড় দিস না বলেই গুলি, ধলপুরে নিহত যুবক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

গুলির প্রতীকী ছবি
গুলির প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৩২) নিহত হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মোহাম্মদ জাকারিয়া (৩৩) আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধলপুরে এই ঘটনা ঘটে।

ইমরানের বাড়ি যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়। বাবার নাম হাকিম খান। আহত জাকারিয়ার বাড়ি উত্তর যাত্রাবাড়ীর ধলপুরে। বাবার নাম সফর আলী।

নিহত ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১১টার দিকে ধলপুরে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা তাঁর স্বামী ও জাকারিয়াকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘স্থানীয়রা বলাবলি করছেন– সন্ত্রাসীরা এসে জোরে ডাকতে থাকে, ইমরান দৌড় দিস না; দৌড় দিলে গুলি করব। এরপর তারা এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁকে কী কারণে হত্যা করেছে, তা আমি জানি না।’

জাকারিয়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাঁর স্ত্রী ঝিনুক আক্তার বলেন, ‘আমাদের বাসা ধলপুর উত্তর যাত্রাবাড়ী। রাতে হেলমেট পরা ৬-৭ জন এসে চিৎকার করে বলতে থাকে– ইমরান দৌড় দিস না। দৌড় দিলে গুলি করব। এরপর তারা এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। জাকারিয়ার বাম হাঁটু ও ডান হাতের কব্জিতে গুলি লেগেছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আহত জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে সিফাত উল্লাহকে (২৭) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার বিকেলে সবুজবাগ আদর্শপাড়া বড়ইতলা ব্রিজ গার্মেন্টস গলির একটি বাড়ির পাঁচতলায় এই ঘটনা ঘটে।

সিফাত উল্লাহ যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আহত ইয়াসিন ও রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন খান জানান, যে বাসায় সিফাত নিহত হন, সেটি তাঁর বান্ধবীর। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলমান আছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত