৫১ শতাংশ শিক্ষার্থীই পড়তে পারে না: রাশেদ তিতুমীর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৭: ২৭
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বক্তব্য দেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংগৃহীত ছবি

দেশের বেশির ভাগ শিক্ষার্থীই পড়তে পারে না জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার শিক্ষাকে পঙ্গু করেছে, বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে।

শনিবার দুপুরের রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়াসামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানেটারিসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘পতিত সরকার শিক্ষাকে পঙ্গু করেছে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সে জন্য এই যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। একদিকে যেমন অর্থ লুট করেছে অন্যদিকে যাতে ভবিষ্যতের বংশধর গড়ে না উঠতে পারে সে জন্য শিক্ষাকে সবচেয়ে অবহেলিত খাদ হিসাবে পতিত সরকার রেখে গেছে।’

তিনি বলেন, ‘দ্বাদশ শ্রেণি পাস করেছে কিন্তু তার শিক্ষার মান হচ্ছে সপ্তম শ্রেণির পর্যায়ের। প্রায় ৫১ শতাংশ শিক্ষার্থী পড়তে পারে না, গুনতে পারে না। যুব সমাজের ৪০ শতাংশ না আছে শিক্ষা প্রতিষ্ঠানে, না আছে কর্মসংস্থানে, না আছে প্রশিক্ষণে। তাদের মধ্যে আবার ৬০ শতাংশ নারী।’

তিনি আরো বলেন, ‘একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছে যে আমরা কেন শিক্ষায় হাত দিচ্ছি, মানুষকে তো মুক্ত করতে হবে, মানুষকে স্বাধীন করতে হবে, মানুষের অধিকারের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে, মানুষকে নিজের পায়ে সম্মানসহ দাঁড়াতে হবে—এই কাজটা কেবল শিক্ষাই করতে পারে।’

তিনি বলেন, ‘সবার আগে যদি বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিয়ে বাংলাদেশ করতে হবে, সেটা করতে যেমন এক দিকে দক্ষ জনশক্তি লাগবে, সুস্বাস্থ্যের জনশক্তি লাগবে, পুষ্টিকর জনশক্তি লাগবে, অধিকাংশ মানুষের অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ সমতাভিত্তিক সমাজ যদি গড়ে তুলতে হয়, তাহলে সেখানে আমাদের শিক্ষায় অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।’

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত