উখিয়ায় ওয়াশরুমে পাওয়া গেল পুলিশ কর্মকর্তার মরদেহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৮: ২৪
রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পুলিশ কর্মকর্তার নাম রুবেল হোসেন (৩১)। তিনি কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীন ইরানি পাহাড় ক্যাম্পে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

১৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন এপিবিএনের সদস্যদের বরাতে জানান, শুক্রবার বিকেলে রোলকলের সময় এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমে গেলে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমের জানালা দিয়ে এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্টিলের দরজা কেটে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত