৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে সাবেক জামায়াত আমির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জামালপুর

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৭: ৫৭
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদ। সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সমিতির পরিচালক আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়। এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ থানায় সোপর্দ করে। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

সমবায় সমিতিটিতে ১২ হাজার ৬৬১ জন গ্রাহকের মোট ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা আমানত ছিল। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর পরই আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।’

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করার পর সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত