জবি ছাত্রীকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ
স্ট্রিম সংবাদদাতাঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও সহপাঠীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে ওই শিক্ষার্থীকে না নিয়ে তারা চলে যান। ভুক্তভোগী মমতাজ আরা বর্ষা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বর্ষা জানান, ভোর ছয়টার দিকে পাঁচ-ছয়জন অপরিচিত ব্যক্তি তার রুমের দরজা খুলতে জোর করেন এবং নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন। পরিচয় ও ব্যাটালিয়নের নাম জানতে চাইলে তথ্য না দিয়ে হুমকি দেন। পরে একটি চুরির মামলায় তাকে গ্রেপ্তারের কথা বলা হয়। জোর করে গাড়িতে তোলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও সহপাঠীরা এসে বাধা দেন। তারা সংশ্লিষ্টদের পরিচয়পত্র ও মামলার কাগজপত্র দেখতে চাইলে সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। পরে প্রক্টরের হস্তক্ষেপে তাকে নামিয়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করে মমতাজ আরা বর্ষা বলেন, ‘ঘটনাটি আমার বোনের সাবেক স্বামীর চক্রান্ত। বোনের সঙ্গে ডিভোর্সের পর থেকে তিনি আমাদের পরিবারকে ধ্বংস করার হুমকি দিয়ে আসছিলেন।’
প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন শিক্ষার্থীকে র্যাবের গাড়িতে তোলা হয়েছে। ওই শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, এক শিক্ষার্থী ফোন করে বিষয়টি তাকে জানান। ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সূত্রাপুর থানার ওসিকে জানান। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশের সহায়তায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
সূত্রাপুর থানার ওসি আনোয়ার বলেন, ‘যারা এসেছিলেন, তারা র্যাব-২ এর সদস্য। ক্যান্টনমেন্ট থানার একটি মামলার আসামি হিসেবে তাকে নিতে এসেছিলেন।’
তবে এ ধরনের কোনো অভিযানের বিষয়ে অবগত নন বলে স্ট্রিমকে জানান ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো মামলায় র্যাব গ্রেপ্তার অভিযান চালালে আমরা অবশ্যই জানব। এমন কিছু আমাদের জানা নেই।’
তবে এ ব্যাপারে র্যাব-২-এর মিডিয়া উইংয়ে যোগাযোগ করা হলে তারা অভিযানটি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, তিনি বর্তমানে বাইরে থাকায় এ বিষয়ে অবগত নন।
.png)






