‘আমি তোমাদেরই লোক’, ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি
ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি

‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’—নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহারের আহ্বানও জানান।

রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তাঁর প্রথম সফর।

বিকালবেলা বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা এবং পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে সংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি জুলাই আন্দোলনে নিহত ঠাকুরগাঁওয়ের শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।

আবেগঘন বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই গণতন্ত্র পেয়েছি। আমরা আর রক্তপাত দেখতে চাই না। সংঘাত নয়, মতবাদের চর্চা হবে আলাপ-আলোচনার মাধ্যমে। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা।’

ঠাকুরগাঁওয়ের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি জানান, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ শেষ হয়েছে এবং সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া মেডিকেল কলেজের জায়গা চূড়ান্ত হয়েছে ও বন্ধ থাকা শিবগঞ্জ বিমানবন্দর চালুসহ ৭২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।

আঞ্চলিক ভাষায় জনতার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘মুই জানু তোমরা মোক ভালবাসেন। সুতরাং যতক্ষণ কাঁথা কোহিম তোমরা শুনিবেন। ঠিক না? ক্যাঙ্গাতি আছেন তোমরা বারে? ভালো আছেন তো?’ রাষ্ট্রপতির মুখে আঞ্চলিক উচ্চারণ শুনে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত