ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমকে ‘জুতাপেটা’র ছবি সাঁটিয়ে প্রতিবাদ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
প্রতিবাদে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সংগ্রহশালায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি সাঁটিয়ে দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বেলা ৩টার দিকে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় যান। সেখানে যে স্থানে জিন্নাহর ছবি লাগানো হয়েছিল, ঠিক তার ওপরই ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি টানিয়ে দেন তাঁরা।
অর্ক বড়ূয়া বলেন, ‘ডাকসু কারও পৈতৃক সম্পত্তি নয়। ইতিহাসকে একপক্ষীয়ভাবে উপস্থাপন করলে কেউ মেনে নেবে না। একাত্তরে গোলাম আযমেরা যা করেছেন, তার ফলে আশির দশকে (১৯৮১ সালে) তাঁকে মানুষ জুতাপেটা করেছে। আমরা এ দেশের আপামর মানুষের সেই ইতিহাস সংরক্ষণ করেছি।’
ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘গতকাল জুমা (ফাতিমা তাসনিম জুমা) বলেছিলেন, তাঁর ইচ্ছা করেছে, তাই জিন্নাহর ছবি লাগিয়েছেন। ঠিক তেমনই আমাদের ইচ্ছা করেছে, তাই আমরা গোলাম আযমের ছবি লাগিয়েছি।’
এর কয়েক ঘণ্টা আগে দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবিগুলোর ফ্রেম ভেঙে ও ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং গত ডাকসু নির্বাচনের (২০২৫) আলোচিত বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী। ছবিগুলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী দাবি করে তিনি সেগুলো ভেঙে ফেলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংস্কার শেষে ডাকসু সংগ্রহশালাটি পুনরায় চালু করা হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার তত্ত্বাবধানে এই সংস্কার কাজ হয়।
সেখানে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি সংযুক্ত করা হয়। ছবিগুলোর একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জিন্নাহর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার ছবি। অপরটি ১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের গ্রুপ ছবি। তৃতীয় ছবিটি ছিল ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবিসংবলিত পাকিস্তানের ‘ডন’ পত্রিকার পেপার কাটিং।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর এই ছবিগুলো যুক্ত করা নিয়েই ক্যাম্পাসে নতুন করে বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
.png)

-7c29dd-256x144.webp)

-367037-256x144.webp)

-4c41bf-256x144.webp)
