গোবিপ্রবি ভিসিকে অবরুদ্ধ করে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৪
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

শিক্ষক সংকট ও সেশনজট নিরসনের দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, স্থাপত্য বিভাগে ১৬টি শিক্ষকের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং সেশনজটের আশঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী অয়ন অধিকারী বলেন, ‘আমাদের বিভাগে ১৬ জন শিক্ষকের অনুমোদন থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। শিক্ষক সংকটে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, ফলে আমরা দীর্ঘমেয়াদি সেশনজটের মুখোমুখি হচ্ছি।’

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সংকট সমাধানে বারবার আবেদন ও যোগাযোগ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর উদ্যোগ নেয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচি ও উপাচার্যকে অবরুদ্ধ করে আন্দোলন করছেন।

সর্বশেষ, রাত সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এবং উপাচার্য নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করা হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত