ডাকসুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ ঢাবি প্রশাসন, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

অনুমতি ছাড়া স্মৃতিস্তম্ভ স্থাপন, বিতর্কিত ব্যক্তিদের ছবি প্রদর্শন ও শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রশাসন বলেছে, ক্যাম্পাসে কোনো ধরনের সমান্তরাল বা দ্বৈত প্রশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে যে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে, তা সিন্ডিকেট বা উপাচার্যের অনুমোদন ছাড়া করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী এখতিয়ারবহির্ভূত। এছাড়া ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিদের ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে অনুমোদনহীন শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালুর সমালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অনুমোদিত নীতিমালার বাইরে গিয়ে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু একটি প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও এর সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও উপাচার্যের নির্দেশনা মেনেই পরিচালিত হতে হবে। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আপস করবে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত