মাগুরায় দুই ব্যবসায়ীর গুদামে ৩২৮ বস্তা সার জব্দ, মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাগুরা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৪
মাগুরায় দুই ব্যবসায়ীর গুদামে ৩২৮ বস্তা সার জব্দ । স্ট্রিম গ্রাফিক
মাগুরায় দুই ব্যবসায়ীর গুদামে ৩২৮ বস্তা সার জব্দ । স্ট্রিম গ্রাফিক

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীর নামে মামলা হয়েছে। অভিযানে তাদের তিনটি গুদাম ও বাড়ি থেকে ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলার আমলসার গ্রাম ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানে শহিদ জোয়ার্দারের বাড়ি ও নবাব জোয়ার্দারের গুদাম থেকে সার উদ্ধার করা হয়।

উপজেলা কৃষি অফিস জানায়, জব্দ করা সারের মধ্যে ২৬৭ বস্তা ডিএপি এবং ৬১ বস্তা এমওপি সার রয়েছে। অভিযুক্তরা হলেন আমলসার পূর্বপাড়ার বদিয়ার রহমানের ছেলে শহিদ জোয়ার্দার এবং প্রয়াত তোফায়েল জোয়ার্দারের ছেলে নবাব জোয়ার্দার।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও গুদাম মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সার মজুতের ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা ৩২৮ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত