সংবিধান সংস্কার পরিষদের শপথ বিতর্ক নিয়ে মন্তব্যে নারাজ সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই শপথ বিরোধীদলীয় সংসদ সদস্যরা পাঠ করলেও সরকারি দলের সদস্যরা তা থেকে বিরত থাকেন। এ নিয়ে সংসদ অধিবেশনে একাধিকবার বিতর্কে জড়ায় সরকারি ও বিরোধী দল। তবে এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান জানান। সিইসি বলেন, ‘এগুলো নিয়ে মামলা হয়েছে। বিষয়গুলো এখন সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন)। তাই এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

এর আগে গত ৩১ মার্চ সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছিলেন, ‘সিইসি সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথের ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেহেতু বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই সে ব্যাপারেও আমার কোনো মন্তব্য নেই।’

Ad 300x250

সম্পর্কিত