রামুতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৮: ১৮
রামুতে সড়ক দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা। সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন জেলার উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত আরেক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। সেখানে থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় চালকসহ অটোরিকশাটিতে মোট ছয়জন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, রামুতে দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

Ad 300x250

সম্পর্কিত