ধরা পড়ছে বড় পাঙাশ: নদীর পুনর্জাগরণ নাকি নতুন সতর্কবার্তা?

ড. মো. শরীফুল ইসলাম
ড. মো. শরীফুল ইসলাম

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৫: ৪০
স্ট্রিম গ্রাফিক্স

সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার সংবাদ বারবার আমাদের চোখে পড়ছে। কোথাও ১৫ কেজি, কোথাও ২০ কেজি, আবার কোথাও তারও বেশি ওজনের মাছ। জেলের মুখে বিস্ময়, আড়তদারের কণ্ঠে উচ্ছ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির ঝড়—সব মিলিয়ে বড় পাঙাশ যেন নদীর গভীর থেকে উঠে আসা এক অপ্রত্যাশিত বার্তা।

কিন্তু এই বার্তার অর্থ কী? নদীতে কি সত্যিই দেশীয় পাঙাশের সংখ্যা ও আকার বাড়ছে? খামার থেকে বেরিয়ে যাওয়া থাই পাঙাশ কি নদীতে বেড়ে উঠছে? নাকি ইলিশ সংরক্ষণে দুই দশকের সরকারি উদ্যোগ, জাটকা আহরণ নিয়ন্ত্রণ, প্রজননক্ষম ইলিশ রক্ষা, অভয়াশ্রম ও অবৈধ জালবিরোধী অভিযানের ফলে অন্যান্য নদীপ্রজাতিও পরোক্ষভাবে বেঁচে থাকার সুযোগ পাচ্ছে? প্রশ্নগুলো আকর্ষণীয়, কিন্তু উত্তর দিতে হলে আবেগের পাশে বিজ্ঞান, ঘটনার পাশে দীর্ঘমেয়াদি পরিসংখ্যান এবং সাফল্যের পাশে সতর্কতাও রাখতে হবে।

ইলিশ সংরক্ষণের দুই দশক: সংখ্যায় দৃশ্যমান এক পরিবর্তন

বাংলাদেশে আধুনিক ইলিশ ব্যবস্থাপনার মোড় ঘোরে মূলত ২০০০-এর দশকের শুরুতে। ২০০২–০৩ মৌসুমে ইলিশ আহরণ দুই লাখ টনের নিচে নেমে যাওয়ায় সরকার, গবেষক ও জেলে—সবার মধ্যেই উদ্বেগ তৈরি হয়। পরবর্তী সময়ে হিলশা ফিশারি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, জাটকা সংরক্ষণ, প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকরণ, নদী অভয়াশ্রম, ক্ষুদ্র ফাঁসের জাল নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট, টহল এবং নিষেধাজ্ঞাকালে জেলেদের খাদ্যসহায়তা—এসব ব্যবস্থা ক্রমান্বয়ে একটি সমন্বিত কর্মসূচিতে রূপ নেয়।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৭–০৮ সালে ইলিশ উৎপাদন ছিল প্রায় ২.৯০ লাখ মেট্রিক টন। ২০১৫–১৬ সালে তা ৩.৯৫ লাখ টনের কাছাকাছি, ২০১৯–২০ সালে প্রায় ৫.৫০ লাখ টন এবং ২০২২–২৩ সালে প্রায় ৫.৭১ লাখ টনে ওঠে। ২০২৩–২৪ অর্থবছরে উৎপাদন কিছুটা কমে ৫.২৯ লাখ টনে দাঁড়ালেও, ২০০২–০৩ সালের সংকটকালীন স্তরের তুলনায় এটি আড়াই গুণেরও বেশি। একই বছরে ইলিশ দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশ এবং আনুমানিক ২০ হাজার ৬৮০ কোটি টাকার অর্থনৈতিক মূল্য সৃষ্টি করেছে বলে মৎস্য অধিদপ্তর উল্লেখ করেছে।

এই অগ্রগতি শুধু উৎপাদনের পরিসংখ্যান নয়। এফএও-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর বিশ্লেষণে ইলিশ মৎস্যকে বাংলাদেশের বৃহত্তম একক প্রাকৃতিক মৎস্যসম্পদ হিসেবে দেখা হয়, যার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কয়েক মিলিয়ন মানুষের জীবন-জীবিকা যুক্ত। ওয়ার্ল্ডফিশ-সহ বিভিন্ন সংস্থার সহায়তায় পরিচালিত সহ-ব্যবস্থাপনা, জেলেপল্লিতে সচেতনতা, বিকল্প জীবিকা, সঞ্চয় দল, নারী অংশগ্রহণ এবং স্থানীয় অভয়াশ্রম ব্যবস্থাপনা ইলিশ সংরক্ষণকে শুধু আইন প্রয়োগের বিষয় না রেখে সামাজিক চুক্তিতে পরিণত করার চেষ্টা করেছে।

তবে সাফল্যের এই গল্প সরলরৈখিক নয়। ২০২৩–২৪ সালে উৎপাদন হ্রাস আমাদের মনে করিয়ে দেয় যে ইলিশ একটি পরিবর্তনশীল প্রাকৃতিক মৎস্যসম্পদ। নদীর প্রবাহ, লবণাক্ততা, বৃষ্টিপাত, সাগরের তাপমাত্রা, খাদ্যপ্রাপ্যতা, অবৈধ আহরণ ও আঞ্চলিক পরিবেশ—সবকিছু এর ওপর প্রভাব ফেলে। তাই দুই দশকের অর্জন উদযাপনের পাশাপাশি নির্ভরযোগ্য স্টক মূল্যায়ন, আহরণ প্রচেষ্টা পরিমাপ এবং জলবায়ু-সংবেদনশীল ব্যবস্থাপনা জরুরি।

ইলিশের জন্য বন্ধ জাল—পাঙাশের জন্যও কি খুলেছে বাঁচার জানালা?

এই নিবন্ধের কেন্দ্রীয় প্রশ্ন এখানেই। প্রজননক্ষম ইলিশ রক্ষায় নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখা, জাটকা আহরণ নিয়ন্ত্রণ, অভয়াশ্রমে মৌসুমি নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল অপসারণ—এসব উদ্যোগ কি পাঙাশসহ অন্যান্য নদীমাছকেও উপকার দিচ্ছে?

সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত। বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো দীর্ঘমেয়াদি গবেষণা প্রকাশিত হয়নি, যা সংখ্যাতাত্ত্বিকভাবে দেখায় যে ইলিশ সংরক্ষণ কর্মসূচির কারণে পাঙাশের মজুত বা গড় আকার কত শতাংশ বেড়েছে। ফলে “ইলিশ সংরক্ষণেই বড় পাঙাশ বেড়েছে”—এ দাবি করা বৈজ্ঞানিকভাবে তাড়াহুড়ো হবে। কিন্তু মৎস্য বাস্তুবিদ্যার দৃষ্টিতে এটি একটি অত্যন্ত সম্ভাব্য ও পরীক্ষাযোগ্য ধারণা।

প্রথমত, মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর হলে নদীতে জাল নামানোর সামগ্রিক চাপ কমে। জেলে ইলিশ ধরতে না নামলে একই জালে অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ার ঝুঁকি থেকে পাঙাশ, বোয়াল, আইড়, বাঘাইড়, রিটা, চিতলসহ বহু প্রজাতি সাময়িক অবকাশ পায়। বিশেষ করে গভীর নদীপথে চলাচলকারী বড় মাছ কয়েক সপ্তাহ বা কয়েক মাস কম আহরণচাপ পেলে তাদের বেঁচে থাকা, স্থানান্তর ও প্রজননের সম্ভাবনা বাড়ে।

ইলিশ সংরক্ষণে বাংলাদেশের দুই দশকের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে রাষ্ট্রের নীতি, বিজ্ঞান, জেলের অংশগ্রহণ এবং সামাজিক সহায়তা একসঙ্গে কাজ করলে অবক্ষয়িত মৎস্যসম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু পরবর্তী অধ্যায়টি শুধু ইলিশের নয়। সেই অধ্যায়ে নদীকে একটি সম্পূর্ণ জীবন্ত ব্যবস্থা হিসেবে দেখতে হবে—যেখানে ইলিশের যাত্রাপথ, পাঙাশের গভীর আশ্রয়, জাটকার নার্সারি, প্লাবনভূমির খাদ্যভাণ্ডার এবং জেলের জীবিকা একই গল্পের অংশ।

দ্বিতীয়ত, জাটকা ধরার জন্য ব্যবহৃত ক্ষুদ্র ফাঁসের কারেন্ট জাল শুধু জাটকা নয়, অসংখ্য প্রজাতির পোনা ও কিশোর মাছ ধরে ফেলে। এসব জাল নিয়ন্ত্রণ করা গেলে নদীর বহু প্রজাতির নবীন সদস্য পরিণত হওয়ার সুযোগ পায়। অর্থাৎ একটি প্রজাতিকে লক্ষ্য করে গৃহীত আইন বাস্তবে বহুপক্ষীয় জীববৈচিত্র্য সুবিধা তৈরি করতে পারে। সংরক্ষণ বিজ্ঞানে একে 'আমব্রেলা কনজারভেশন ইফেক্ট' ও 'কল্যাটারাল কনজারভেশন বেনিফিট' বলা হয়—একটি প্রধান বা প্রতীকী প্রজাতিকে রক্ষা করতে গিয়ে একই বাস্তুতন্ত্রের অন্য প্রজাতিগুলোও সুরক্ষা পায়।

তৃতীয়ত, ইলিশ অভয়াশ্রমগুলো কেবল ইলিশের জন্য আলাদা কাচের ঘর নয়; এগুলো বাস্তবে নদীর নির্বাচিত অংশে মৌসুমি সুরক্ষা অঞ্চল। সেখানে আহরণচাপ কমলে খাদ্যজাল, পোনা, ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকার সুযোগ বাড়ে। বড় পাঙাশ সর্বভুক-প্রবণ ও সুযোগসন্ধানী খাদ্যগ্রাহী মাছ; নদীতে প্রাকৃতিক খাদ্য, গভীর গর্ত এবং তুলনামূলক নিরাপদ চলাচলপথ থাকলে তার দ্রুত বৃদ্ধি সম্ভব।

চতুর্থত, ইলিশকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক সচেতনতা—“মা মাছ বাঁচলে মাছ বাড়বে”, “পোনা ধরলে ভবিষ্যৎ নষ্ট হবে”—এই ধারণাগুলো অন্য মাছ রক্ষার মানসিকতাও তৈরি করতে পারে। যদিও বাস্তব আচরণে এর প্রভাব স্থানভেদে ভিন্ন, তবু সংরক্ষণ সংস্কৃতির বিস্তারকে অবহেলা করা যায় না।

দেশীয় পাঙাশ: নদীর পুরোনো অধিবাসী, আজও ঝুঁকিতে

বাংলাদেশে “পাঙাশ” নামে পরিচিত মাছ নিয়ে একটি মৌলিক বিভ্রান্তি আছে। দেশীয় নদীর পাঙাশ হলো ‘পাঙ্গাসিয়াস পাঙ্গাসিয়াস’। অন্যদিকে দেশে ব্যাপকভাবে চাষ হওয়া থাই বা সিয়ামিজ পাঙাশ হলো ‘পাঙ্গাসিয়ানোডন হাইপোফথ্যালমা’। দেখতে কাছাকাছি হওয়ায় বাজার, সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি প্রজাতিকে প্রায়ই এক নামে ডাকা হয়। ফলে নদীতে বড় পাঙাশ ধরা পড়লেই সেটিকে দেশীয় পাঙাশ ধরে নেওয়া ঠিক নয়।

দেশীয় পাঙাশ ঐতিহাসিকভাবে পদ্মা–গঙ্গা, ব্রহ্মপুত্র–যমুনা, মেঘনা অববাহিকা, মোহনা, বড় নদী, সংযুক্ত বিল ও প্লাবনভূমিতে বিস্তৃত ছিল। এটি মিঠা ও অল্প লবণাক্ত পানিতে চলাচল করতে পারে এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নদী, মোহনা ও সংযুক্ত জলাভূমির মধ্যে স্থানান্তর করে। ভারতীয় উপমহাদেশ থেকে মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ পর্যন্ত এর বিস্তৃত উপস্থিতির উল্লেখ বৈজ্ঞানিক সাহিত্যে পাওয়া যায়।

কিন্তু অতিরিক্ত আহরণ, প্রজননক্ষেত্রের অবক্ষয়, নদীর গভীর গর্ত ভরাট, দূষণ, বাঁধ ও অবকাঠামোর কারণে চলাচল বাধাগ্রস্ত হওয়া এবং প্লাবনভূমির সংযোগ হারানোর ফলে প্রাকৃতিক জলাশয়ে দেশীয় পাঙাশ কমেছে। বাংলাদেশের পুরোনো জাতীয় মূল্যায়নে একে সংকটাপন্ন বা অতি সংকটাপন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে; সাম্প্রতিক গবেষণাতেও প্রাকৃতিক মজুতের অবনতি এবং নার্সারি ক্ষেত্র শনাক্ত ও সংরক্ষণের প্রয়োজনীয়তা জোর দিয়ে বলা হয়েছে।

অন্যদিকে খামার থেকে থাই পাঙাশ নদীতে চলে যাওয়ার ঘটনা বর্ষা ও বন্যার সময় অস্বাভাবিক নয়। পুকুর বা ঘের উপচে পড়া, বাঁধ ভাঙা কিংবা ইচ্ছাকৃত অবমুক্তির ফলে এই মাছ নদীতে প্রবেশ করতে পারে। সেখানে খাদ্য ও জায়গা পেলে বহু বছর বেঁচে বড় আকার ধারণ করতে পারে। তাই বড় পাঙাশের সংবাদকে দেশীয় প্রজাতির পুনরুদ্ধারের নিশ্চিত প্রমাণ হিসেবে দেখার আগে বাহ্যিক বৈশিষ্ট্য, মেরিস্টিক-মরফোমেট্রিক পরীক্ষা এবং প্রয়োজনে ডিএনএ বারকোডিং করা দরকার।

নদী সংযোগ: বড় মাছের অদৃশ্য মহাসড়ক

একটি নদীকে শুধু তার মূল প্রবাহ দিয়ে বোঝা যায় না। নদীর সঙ্গে শাখা, খাল, বিল, হাওর, চরাঞ্চলের জলাশয়, প্লাবনভূমি এবং মোহনার সংযোগ মিলে তৈরি হয় একটি জীবন্ত জলজ নেটওয়ার্ক। এই সংযোগই মাছের জন্য খাদ্যক্ষেত্র, প্রজননস্থান, নার্সারি এবং আশ্রয়ের মধ্যে যাতায়াতের অদৃশ্য মহাসড়ক।

বর্ষায় নদীর পানি প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে অগভীর উষ্ণ পানিতে বিপুল প্রাকৃতিক খাদ্য সৃষ্টি হয়। বহু মাছের পোনা সেখানে দ্রুত বেড়ে ওঠে এবং পানি নামার সঙ্গে সঙ্গে আবার নদীতে ফিরে আসে। বড় পাঙাশের মতো চলনশীল মাছের জন্য গভীর মূল নদী, মোহনা ও প্লাবনভূমির মধ্যে কার্যকর সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীখনন যদি শুধু নৌপথের গভীরতা বাড়ায় কিন্তু পার্শ্বখাল ও প্লাবনভূমির মুখ বন্ধ করে দেয়, তাহলে মৎস্য উৎপাদনের জন্য কাঙ্ক্ষিত সংযোগ পুনঃস্থাপিত হয় না।

একইভাবে অপরিকল্পিত বাঁধ, স্লুইসগেট, রাস্তা, দখল, পলি জমা ও বালু উত্তোলন নদীর এই জীবন্ত নেটওয়ার্ককে খণ্ডিত করে। মাছের স্থানান্তর বাধাগ্রস্ত হলে কোনো একটি অভয়াশ্রম একা দীর্ঘমেয়াদি ফল দিতে পারে না। বড় মাছ টিকিয়ে রাখতে “কোথায় মাছ ধরা বন্ধ” প্রশ্নের পাশাপাশি “মাছ কোন পথে যাবে, কোথায় প্রজনন করবে, কোথায় পোনা বড় হবে”—এই প্রশ্নগুলোরও উত্তর দিতে হবে।

জলবায়ু পরিবর্তন: একই সঙ্গে সুযোগ ও বিপদ

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের নদীমৎস্যে একমুখী প্রভাব ফেলছে না। অতিবৃষ্টি ও বড় বন্যা কোনো কোনো বছরে পুকুরের মাছ নদীতে ছড়িয়ে দিতে পারে এবং প্লাবনভূমির সংযোগ বাড়াতে পারে। কিন্তু একই সঙ্গে অস্বাভাবিক বন্যা, দীর্ঘ খরা, তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা, অক্সিজেন ঘাটতি, আকস্মিক প্রবাহ পরিবর্তন এবং দূষণের ঘনত্ব বৃদ্ধি মাছের জীবনচক্রকে বিপর্যস্ত করতে পারে।

দেশীয় পাঙাশ তাপমাত্রা, ঘোলাভাব ও কিছু লবণাক্ততা সহ্য করতে সক্ষম বলে পরিচিত। এই সহনশীলতা তাকে পরিবর্তনশীল পরিবেশে কিছু সুবিধা দিতে পারে। কিন্তু সহনশীলতা মানেই অজেয়তা নয়। প্রজননস্থল হারানো, নদীর তলদেশ পরিবর্তন, খাদ্যজাল ভেঙে পড়া অথবা দীর্ঘমেয়াদি লবণাক্ততা বৃদ্ধি কোনো প্রজাতির অভিযোজনক্ষমতাকেই ছাড়িয়ে যেতে পারে।

ইলিশকে রক্ষা করতে গিয়ে যদি পাঙাশ, বোয়াল, বাঘাইড় ও অন্য দেশীয় মাছও বেঁচে ওঠে, তবে সেটি হবে আমাদের সংরক্ষণ নীতির সবচেয়ে সুন্দর অপ্রত্যাশিত অর্জন। কিন্তু সেই আশা প্রমাণে দরকার তথ্য, গবেষণা ও দীর্ঘমেয়াদি নজরদারি। বড় মাছের ছবি ভাইরাল হওয়ার আগেই যেন তার বৈজ্ঞানিক গল্পটি হারিয়ে না যায়।

‘ক্লাইমেট রেজিলিয়েন্স’ বা জলবায়ু সহনশীলতা তাই শুধু মাছের জৈবিক সহনশীলতার বিষয় নয়; এটি নদী ও সমাজ—উভয়ের সক্ষমতার বিষয়। বৈচিত্র্যময় প্রজাতি, সংযুক্ত আবাসস্থল, সুস্থ খাদ্যজাল, নিরাপদ আশ্রয়, বিকল্প জীবিকা এবং অভিযোজিত ব্যবস্থাপনা থাকলে একটি মৎস্যব্যবস্থা জলবায়ু অভিঘাতের পর পুনরুদ্ধার করতে পারে। একক প্রজাতির উৎপাদন বাড়ানো কিন্তু বাস্তুতন্ত্র দুর্বল রাখা দীর্ঘমেয়াদে স্থিতিস্থাপকতা তৈরি করে না।

ইলিশ থেকে বাস্তুতন্ত্রে: ইএএফ-এর পথে অগ্রসর হওয়া

এফএও-প্রচারিত ‘ইকোসিস্টেম অ্যাপ্রোচ টু ফিশারিজ’ বা ইএএফ-এর মূল কথা হলো—মাছকে শুধু আহরণযোগ্য পণ্য হিসেবে নয়, মানুষ, আবাসস্থল, জীববৈচিত্র্য, খাদ্যজাল ও পরিবেশের অংশ হিসেবে পরিচালনা করা। এতে উৎপাদন, জীবিকা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে বাস্তুতন্ত্রের সুস্থতা এবং সামাজিক ন্যায়—দুটোকেই বিবেচনায় নেওয়া হয়।

বাংলাদেশের ইলিশ কর্মসূচি ইএএফ-এর দিকে এগোনোর একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এখানে মৌসুমি নিষেধাজ্ঞা, প্রজনন ও পোনা সুরক্ষা, অভয়াশ্রম, আইন প্রয়োগ, সামাজিক সহায়তা এবং সহ-ব্যবস্থাপনার উপাদান রয়েছে। এখন এই অভিজ্ঞতাকে ইলিশকেন্দ্রিক ব্যবস্থাপনা থেকে নদী-কেন্দ্রিক বহুপ্রজাতি ব্যবস্থাপনায় সম্প্রসারণ করতে হবে।

এর অর্থ হলো—ইলিশের নিষেধাজ্ঞাকালে অন্য প্রজাতির অনিচ্ছাকৃত সুবিধা নিয়মিত পরিমাপ করা; পাঙাশ, বোয়াল, বাঘাইড় ও আইড়ের মতো বড় নদীমাছের সূচক তৈরি করা; মাছের আকার, প্রজাতি, ধরার স্থান ও সময় নথিভুক্ত করা; খামারের পাঙাশের নদীতে প্রবেশ পর্যবেক্ষণ করা; এবং অভয়াশ্রমকে নদী সংযোগ ও গুরুত্বপূর্ণ আবাসস্থলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

ইএএফ একই সঙ্গে জেলেদের সামাজিক বাস্তবতাও স্বীকার করে। নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে খাদ্যসহায়তা সময়মতো এবং প্রকৃত জেলের হাতে পৌঁছাতে হবে; বিকল্প কর্মসংস্থানকে মৌসুমি অনুদান নয়, বাজারসংযুক্ত আয় হিসেবে গড়ে তুলতে হবে; এবং সিদ্ধান্তে জেলে, নারী, আড়তদার, স্থানীয় সরকার, গবেষক ও প্রশাসনকে অংশীদার করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি আস্থা ও ন্যায্যতা না থাকলে কোনো সংরক্ষণ দীর্ঘস্থায়ী হয় না।

এখন কী করা জরুরি

প্রথমত, নদীতে ধরা পড়া বড় পাঙাশের জন্য একটি দ্রুত প্রতিবেদন ও নমুনা সংগ্রহ ব্যবস্থা চালু করা দরকার। জেলে বা আড়তদার মোবাইল অ্যাপ, হটলাইন বা স্থানীয় মৎস্য দপ্তরের মাধ্যমে ছবি, ওজন, দৈর্ঘ্য, স্থান, তারিখ ও জালের ধরন জানাতে পারবেন। নির্বাচিত নমুনার প্রজাতি, বয়স, খাদ্যাভ্যাস, প্রজনন অবস্থা ও জিনগত পরিচয় পরীক্ষা করা উচিত।

দ্বিতীয়ত, ইলিশ নিষেধাজ্ঞার “সহযোগী প্রভাব” মূল্যায়নে গবেষণা দরকার। নিষিদ্ধ এলাকা ও নিয়ন্ত্রণ এলাকার আগে-পরে পাঙাশসহ অন্য মাছের ‘ক্যাচ পার ইউনিট এফোর্ট’- গড় দৈর্ঘ্য, প্রজাতি বৈচিত্র্য ও পোনা উপস্থিতি তুলনা করলে আমব্রেল্লা ইফেক্ট-এর বাস্তব মাত্রা বোঝা যাবে।

তৃতীয়ত, দেশীয় পাঙাশের সম্ভাব্য প্রজনন ও নার্সারি ক্ষেত্র—বিশেষ করে মেঘনা মোহনা, পদ্মা–যমুনার গভীর গর্ত, নদীসংযোগ অঞ্চল ও প্লাবনভূমি—চিহ্নিত করে মৌসুমি সুরক্ষা দিতে হবে। বড় প্রজননক্ষম মাছকে কেবল নিলামের বস্তু হিসেবে না দেখে ব্রুড ব্যাংক হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।

চতুর্থত, অভয়াশ্রম ও নিষেধাজ্ঞাকে নদীর পানি ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, বালু উত্তোলন নীতি, খাল পুনঃসংযোগ এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। মৎস্য অধিদপ্তর, বিএফআরআই, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকারের মধ্যে একটি সমন্বিত রিভার-ফিশারিজ প্ল্যাটফর্ম গড়ে তোলা যেতে পারে।

পঞ্চমত, সংবাদমাধ্যমের জন্য প্রজাতি শনাক্তকরণ নির্দেশিকা তৈরি দরকার। “বিশাল দেশীয় পাঙাশ” শিরোনাম দেওয়ার আগে বিশেষজ্ঞ যাচাই হলে জনসচেতনতা বাড়বে এবং ভুল ধারণা কমবে।

নদীর বুক থেকে উঠে আসা একটি বিশাল পাঙাশ আমাদের একই সঙ্গে আনন্দিত ও অস্বস্তিতে ফেলে। আনন্দিত—কারণ এত বড় মাছ এখনো আমাদের নদীতে বেঁচে থাকতে পারে। অস্বস্তিতে—কারণ আমরা নিশ্চিত নই, সেটি দেশীয় পাঙাশের প্রত্যাবর্তন, খামার থেকে পালানো এক অতিথি, নাকি বহু বছরের সংরক্ষণ ব্যবস্থার অপ্রত্যাশিত সহফল।

ইলিশ সংরক্ষণে বাংলাদেশের দুই দশকের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে রাষ্ট্রের নীতি, বিজ্ঞান, জেলের অংশগ্রহণ এবং সামাজিক সহায়তা একসঙ্গে কাজ করলে অবক্ষয়িত মৎস্যসম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু পরবর্তী অধ্যায়টি শুধু ইলিশের নয়। সেই অধ্যায়ে নদীকে একটি সম্পূর্ণ জীবন্ত ব্যবস্থা হিসেবে দেখতে হবে—যেখানে ইলিশের যাত্রাপথ, পাঙাশের গভীর আশ্রয়, জাটকার নার্সারি, প্লাবনভূমির খাদ্যভাণ্ডার এবং জেলের জীবিকা একই গল্পের অংশ।

ইলিশকে রক্ষা করতে গিয়ে যদি পাঙাশ, বোয়াল, বাঘাইড় ও অন্য দেশীয় মাছও বেঁচে ওঠে, তবে সেটি হবে আমাদের সংরক্ষণ নীতির সবচেয়ে সুন্দর অপ্রত্যাশিত অর্জন। কিন্তু সেই আশা প্রমাণে দরকার তথ্য, গবেষণা ও দীর্ঘমেয়াদি নজরদারি। বড় মাছের ছবি ভাইরাল হওয়ার আগেই যেন তার বৈজ্ঞানিক গল্পটি হারিয়ে না যায়।

শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু—“এত বড় পাঙাশ কোথা থেকে এল?”—এ নয়। আরও বড় প্রশ্ন হলো—আমরা কি এমন নদী রেখে যেতে পারব, যেখানে বড় মাছ জন্মাবে, চলাচল করবে, প্রজনন করবে এবং জেলের জালে ওঠার আগেও বহু বছর নদীর জীবন্ত ইতিহাসের অংশ হয়ে থাকবে? নদী বাঁচলে মাছ বাঁচবে; মাছ বাঁচলে খাদ্য, জীবিকা ও সংস্কৃতির এক গভীর ধারাবাহিকতাও বেঁচে থাকবে।

  • ড. মো. শরীফুল ইসলাম: মৎস্যবিজ্ঞানী এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (মৎস্য), ফার্মগেট, ঢাকা
Ad 300x250

সম্পর্কিত